জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ভাষায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব, যিনি কয়েক দশক ধরে অবিচলভাবে দেশমাতৃকার পক্ষে অবস্থান রেখেছেন।


নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম আরও লেখেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, মিথ্যা মামলা, নির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও খালেদা জিয়ার দৃঢ় মনোবল ও আপসহীন অবস্থান দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়।

তিনি বলেন, ১৯৯০ সালের গণ–অভ্যুত্থান, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্যায়ে খালেদা জিয়ার নেতৃত্ব জাতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

নাহিদ ইসলাম বলেন, মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি মনে করেন, যখন দেশ আবার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে এগোচ্ছে, তখন খালেদা জিয়ার অভিজ্ঞতা ও উপস্থিতি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার দীর্ঘ অবদান স্মরণ করে তিনি খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।