বেগম খালেদা জিয়া কোনো একক রাজনৈতিক দলের সম্পদ নন, বরং গোটা দেশের সম্পদ—মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে হার্টে রিং পরানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শুধু বিএনপি নয়, তারাও গভীর উদ্বেগে আছেন। “বেগম জিয়া সত্যিকারের দেশপ্রেমিক ও আপসহীন নেত্রী। তিনি গোটা জাতির সম্পদ, কোনো দলের একক সম্পদ নন।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে মো. তাহের বলেন, দেশের ভবিষ্যৎ রাজনীতি স্থিতিশীল রাখতে সব দলের মধ্যে প্রজ্ঞা, সমঝোতা ও ঐক্য জোরদার করা জরুরি।





