রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পথ খুলে গেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আইন অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাঈমা খন্দকারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

\r\n

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য কর্তৃক ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদগুলোর গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে।

\r\n

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকাত আলী জানান, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আজ বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শিক্ষার্থীদের মতামত শুনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। “নির্বাচনের প্রস্তুতির জন্য কিছুটা সময় প্রয়োজন হবে, তবে দ্রুতই কার্যক্রম শুরু করা হবে,” বলেন উপাচার্য।

\r\n

এর আগে গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ১০ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। তাঁরা আইন সংশোধন ও দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান। অনশনের তৃতীয় দিনে উপাচার্য তাঁদের সঙ্গে আলোচনায় বসে দাবিতে সাড়া দিলে আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করেন।

\r\n

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খোকন ইসলাম বলেন, “ছাত্র সংসদ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা রয়েছে। তবে অন্য বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে, সুষ্ঠু ভোট আয়োজন সহজ নয়। আমরা চাই, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়।”

\r\n

জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটির সদস্যসচিব হাজিম উল হক বলেন, “দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।”

\r\n

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, “ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। আমরা চাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হোক।”