জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, স্বাস্থ্য উপদেষ্টার পদে থাকা ব্যক্তি সম্পূর্ণ অযোগ্য এবং তিনি ড. মুহাম্মদ ইউনূসের ‘স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ’।

\r\n

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজিত পদযাত্রা উপলক্ষে এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

\r\n

হাসনাত আবদুল্লাহ বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসা বা স্বাস্থ্যখাত সম্পর্কে মোটেই অভিজ্ঞ নন। তার একমাত্র যোগ্যতা হলো তিনি গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন এবং ড. ইউনূসের ঘনিষ্ঠ ব্যক্তি। জনগণের করের টাকায় তিনি বেতন নিচ্ছেন, সরকারি গাড়ি ব্যবহার করছেন অথচ তার কার্যক্রম নেই বললেই চলে। এই স্বাস্থ্য উপদেষ্টাকে আর প্রয়োজন নেই। তিনি যেন অনতিবিলম্বে বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে দিয়ে পদত্যাগ করেন।”

\r\n

তিনি আরও বলেন, “যে দেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ধসে পড়ে— আমরা সেই অনিরাপদ বাংলাদেশ চাই না। শেখ হাসিনার আমলে বিমান কেনার নামে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, তা তদন্ত হওয়া উচিত। আমরা বিমানবাহিনীর ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”

\r\n

আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে এনসিপি নেতা বলেন, “ফ্যাসিবাদ এখনো ঘুরে দাঁড়াতে চাইছে। আওয়ামী লীগ যদি এই শোকের পরিবেশেও ফেরার চেষ্টা করে, আমরা শোককে শক্তিতে রূপান্তর করে তা প্রতিহত করব।”

\r\n

সমাবেশের শুরুতে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহতদের স্মরণে চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি শোক র‍্যালি করে এনসিপি নেতারা। সমাবেশস্থলে পৌঁছেই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপি নেতা সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় অনেক স্বজন কান্নায় ভেঙে পড়েন এবং তাদের দুঃখ-কষ্ট ও ভবিষ্যৎ চাহিদার কথা তুলে ধরেন নেতাদের সামনে।