আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। রোববার এক বিবৃতিতে সংগঠনটির নেতারা ঘটনাটিকে নোংরা ও সহিংস রাজনৈতিক আচরণের উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।

বিবৃতিতে বলা হয়, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার, বিচার ও নির্বাচন প্রশ্নে ব্যারিস্টার ফুয়াদের ভূমিকা উল্লেখযোগ্য। এমন একজন নেতার ওপর হামলা উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গণঅধিকার পরিষদের নেতারা আরও বলেন, এই হামলা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনমনে থাকা উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। তাদের মতে, নির্বাচনের সময় রাজনৈতিক সমালোচনা স্বাভাবিক বিষয়, কিন্তু সেই সমালোচনা কেন্দ্র করে জাতীয় নেতাদের ওপর হামলা হলে নির্বাচন উৎসবমুখর হওয়ার আশাও নষ্ট হয়ে যাবে।

তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি দেশের সব রাজনৈতিক নেতার নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি দাবি জানান।