এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ ম্যাচটি বড় পর্দায় সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।


ঘোষণায় বলা হয়, “বুধবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ বনাম ভারতের উত্তেজনাপূর্ণ ম্যাচটি হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা করে খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে।”


ডাকসুর পক্ষ থেকে আরও বলা হয়, “উৎসবমুখর পরিবেশে ক্রিকেটের রোমাঞ্চে মাতবে ঢাকা বিশ্ববিদ্যালয়।”


আজকের ম্যাচে জিতলে এশিয়া কাপের ফাইনালে ওঠার সম্ভাবনা আরও জোরালো হবে বাংলাদেশের জন্য। সাম্প্রতিক পারফরম্যান্সের আলোকে ভারতকে মোকাবেলায় আত্মবিশ্বাসী রয়েছে মুস্তাফিজ-শান্তরা। পুরো টুর্নামেন্টজুড়ে টাইগারদের বোলিং আক্রমণ নজর কেড়েছে, যা দলের মনোবল বাড়িয়েছে।


উল্লেখযোগ্য যে, ওয়ানডে ও টি-টোয়েন্টি— দুটি সংস্করণ মিলিয়ে এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারত ১৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ বার, আর ভারত জয়ী হয়েছে ১৩ বার। ২০১৬ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত দু’বারই হারিয়েছিল বাংলাদেশকে।


তবুও এবার ভিন্ন দৃশ্যপট তৈরি করতে চায় টাইগাররা— মাঠে এবং মাঠের বাইরে, উচ্ছ্বাসে মেতে উঠতে প্রস্তুত সমর্থকরাও।