জলাবদ্ধতা নিরসনে ৬দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। আজ দুপুর ১টায় জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এ স্মারকলিপি দেয়া হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ৮০'র দশক থেকে যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ এলাকার মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার। 

বর্তমান অন্তবর্তীকালীন সরকার সমস্যা সমাধানে উদ্যোগ নিলেও চলমান বৃষ্টিপাতের কারণে দেড় শতাধিক গ্রাম পানিতে তলিয়েছে। বসতবাড়ি, আবাদী ফসল, শিক্ষা প্রতিষ্ঠান বিপন্ন হচ্ছে। বিলম্বে হলেও বর্তমানে ভবদহ সুইসগেটে ২১ ভেন্টের ৮টি গেট চালু করার ফলে প্রবল বেগে পানি নিষ্কাশিত হচ্ছে। সকল গেট খুলে দেয়ার ব্যবস্থা করা গেলে দ্রুত জনপদের পানি নিষ্কাশিত হবে। পাশাপাশি আমডাঙ্গা খালের জমি অধিগ্রহণ,  ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ শুরু, ঘের নীতিমালা বাস্তবায়ন ও টিআরএম বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিমুর রহমান, আহবায়ক রণজিৎ বাওয়ালী, সদস্য সচিব চৈতন্য কুমার পালসড় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।