সিলেট উন্নত জীবনের আশায় বিপদসংকুল সাগরপথে পা বাড়িয়েছিলেন সিলেট ও সুনামগঞ্জের একদল তরুণ। কিন্তু সেই স্বপ্নই পরিণত হলো দুঃস্বপ্নে। লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে রাবার নৌকায় করে যাত্রাকালে ১৮ জন বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৪০ জনের বেশি যাত্রী নিয়ে একটি ছোট নৌকায় তাদের যাত্রা শুরু হয়। দালালদের আশ্বাস ছিল বড় ও নিরাপদ নৌকার, কিন্তু বাস্তবে তাদের তুলে দেওয়া হয় একটি ঝুঁকিপূর্ণ রাবার বোটে। সাগরে নৌকাটি পথ হারিয়ে কয়েকদিন ভেসে থাকার পর শুরু হয় ভয়াবহ সংকট।
খাবার ও বিশুদ্ধ পানির অভাবে একে একে দুর্বল হয়ে পড়েন যাত্রীরা। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, অনেকে বাঁচার তাগিদে সাগরের পানি পান করেন—যা শেষ পর্যন্ত তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
জানা গেছে, মৃতদের মরদেহ কয়েকদিন নৌকায় রাখা হলেও পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সেগুলো সাগরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজনের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও।
এদিকে নিহতদের মধ্যে সুনামগঞ্জের কয়েকজনের পরিচয় ইতোমধ্যে জানা গেছে। তাদের পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই মোটা অঙ্কের টাকা দিয়ে এই বিপজ্জনক যাত্রায় পা বাড়িয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে I





