এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের একমাত্র গোলে ২২ বছর পর ভারতকে হারানোর আনন্দে ভাসছে বাংলাদেশ ফুটবল দল। সেই জয়ে আরও একটি সুখবর যোগ হয়েছে। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ১৮০তম স্থানে।
মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নামার আগে দুই দলের র্যাঙ্কিং ব্যবধান ছিল ৪৬ ধাপ। তার আগে নেপালের বিপক্ষে ম্যাচে এগিয়েও শেষ মুহূর্তে গোল খেয়ে ২–২ ড্র করে বাংলাদেশ। দুই ম্যাচ মিলিয়ে হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেয়েছে ১৭.১৩ রেটিং পয়েন্ট। এখন মোট রেটিং দাঁড়িয়েছে ৯১১.১৯, যা গত মাসে ছিল ৮৯৪.০৬।
বাংলাদেশের কাছে হারের পর বড় ধাক্কা খেয়েছে ভারত। ছয় ধাপ নেমে তারা এখন ১৪২তম। নেপালও দুই ধাপ পিছিয়ে গেছে, তাদের অবস্থান ১৮২।
সেরা দশেও পরিবর্তন এসেছে। মরক্কোকে পিছনে ফেলে ১০ নম্বরে উঠেছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে ব্রাজিল উঠেছে পাঁচে, আর পিছিয়ে পড়েছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডস (৭)। অষ্টম স্থানে বেলজিয়াম এবং নবমে জার্মানি।
বছরের শেষ র্যাঙ্কিংয়ে শীর্ষ চার দল অপরিবর্তিত। প্রথমে স্পেন, দ্বিতীয় আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড।





