ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদ জানাতে একক পদযাত্রা শুরু করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার লক্ষ্য গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাস।


\r\n

রোববার সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড থেকে তিনি এই পদযাত্রা শুরু করেন। উল্লেখ্য, এই এলাকাতেই সম্প্রতি শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়।


\r\n

যাত্রার শুরুতে রাশেদ প্রধান বলেন, ভারত গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়েছে। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সীমান্ত হত্যা, অবৈধ পুশইন, ভূমি দখল, ন্যায্য পানির হিস্যা না দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ দিল্লির নীতির অংশে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের আগ্রাসী আচরণের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিবাদ জানাতেই এই পদযাত্রা।


\r\n

জাগপা মুখপাত্র আরও জানান, অতীতে একাধিকবার মিছিল নিয়ে ভারতীয় দূতাবাসে যাওয়ার এবং স্মারকলিপি দেওয়ার চেষ্টা করা হলেও প্রশাসন মাঝপথে বাধা দিয়েছে। সে কারণেই এবার তিনি প্রায় আট কিলোমিটার পথ একা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে প্রশাসনের কাছে স্পষ্ট হয় যে একজন নিরস্ত্র ব্যক্তি কোনো ধরনের হুমকি সৃষ্টি করেন না।


\r\n

রাশেদ প্রধান জানান, তিনি ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে একটি কালো গোলাপ সঙ্গে নিয়েছেন, যা তার ভাষায় রাজনৈতিকভাবে কর্তৃত্ব ও আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক।