ভারতের আধার কার্ডের আদলে দেশে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। নাগরিকদের সব ধরনের তথ্য ও সেবাকে একটি কার্ডের আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সোমবার (১৬ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশেও ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর বিষয়টি নিয়ে সরকার ভাবছে। এর মাধ্যমে নাগরিকদের বিভিন্ন তথ্য ও সেবা একটি কার্ডের মাধ্যমে সহজে নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, দেশের অর্থনীতিতে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও ব্যবসা বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ঋণের পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়নের সংস্কৃতি গড়ে তুলতে চায় বাংলাদেশ।
জ্বালানি খাতে চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, অতীতের সরকার যেসব জ্বালানি চুক্তি করেছিল তার অনেকগুলোই অসম ছিল। ভবিষ্যতে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে জ্বালানি খাতে চুক্তি করার সময় বাংলাদেশের স্বার্থ যাতে অগ্রাধিকার পায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি আশ্বস্ত করেন, আগের মতো অসম চুক্তির পুনরাবৃত্তি না করে দেশের স্বার্থ সংরক্ষণ করে নতুন চুক্তি করা হবে।





