ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একইসঙ্গে ভবিষ্যতে ভারতীয় মুসলমানদের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সীমান্ত এলাকায় ভারতবিরোধী কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক।
\r\nবুধবার (২৩ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “ভারতের সীমান্তবর্তী মুসলমানরা যদি মোদি সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করে, তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী মুসলমানরাও সমানভাবে তা প্রতিফলিত করবে। বিতর্কিত ওয়াকফ বিল বাতিল না হলে উপমহাদেশব্যাপী একযোগে সংগ্রামের ডাক দেওয়া হবে।”
\r\nসমাবেশ শেষে একটি গণমিছিল বের করে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা করে সংগঠনের নেতাকর্মীরা। সেখানে তারা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন।
\r\nভারতের মুসলিম নিপীড়ন ও ওয়াকফ বিল বাতিলের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে মামুনুল হক আরও বলেন, “বাংলাদেশ সরকারকে ভারতপন্থা ত্যাগ করতে হবে। দেশের মানুষ ভারতীয় আধিপত্য আর মেনে নেবে না। যদি কেউ সেটি বোঝে না, তাহলে অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত।”
\r\nতিনি দক্ষিণ এশিয়ার অন্যান্য ছোট রাষ্ট্রগুলোকেও ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান। মাওলানা মামুনুল বলেন, “পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ—এই দেশগুলো ভারতের হুমকির মুখে আছে। সবাই একত্র হলে ভারতকে পিছু হটতেই হবে।”
\r\nএ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ভারতের মুসলিম নির্যাতন বন্ধ এবং ওয়াকফ বিল বাতিল না হলে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে। প্রয়োজন হলে আঞ্চলিক জোট গঠন করে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”
\r\nসমাবেশে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, নায়েবে আমির, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।





