পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে বুধবার (১৫ এপ্রিল) উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। বাংলাদেশে যেখানে ১৪ এপ্রিল নববর্ষ পালিত হয়েছে, সেখানে ভারতে বাংলা ক্যালেন্ডারের সংশোধিত হিসাব অনুযায়ী আজ পালিত হচ্ছে এই উৎসব।


\r\n

দিনটি উপলক্ষে পুরো ভারতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পাঞ্জাবে বৈশাখী, তামিলনাড়ুতে পুঠান্দু, কেরালায় ভিশু, আসামে বোহাগ বিহু এবং ওড়িশায় পানা সংক্রান্তির মতো বিভিন্ন নামে নতুন বছর উদযাপন করা হয়।


\r\n

কলকাতায় নববর্ষ ঘিরে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’। ২০১৬ সালে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে এই আয়োজন পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে বিস্তৃত হয়। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া থেকে শুরু হওয়া প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। আল্পনা, মুখোশ, লোকশিল্প, পালকি এবং বিভিন্ন প্রতীকী শিল্পকর্মে সাজানো হয় পুরো আয়োজন।


\r\n

এবারের শোভাযাত্রার মূল থিম ছিল “বাঙালির নাগরিকত্বের সংকট”। এতে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়। মাছ, পালকি, লোকজ প্রতীকসহ বাংলার সংস্কৃতির নানা উপাদানও স্থান পায় শোভাযাত্রায়।


\r\n

এছাড়া কলকাতার বিভিন্ন সংগঠন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ ও নাটকের আয়োজন করে। কোথাও কোথাও পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে নববর্ষের আমেজ তৈরি করা হয়।


\r\n

সব মিলিয়ে পশ্চিমবঙ্গজুড়ে বাংলা নববর্ষ ছিল এক উৎসবমুখর দিন, যেখানে সংস্কৃতি, ঐতিহ্য ও নানা মতপ্রকাশ একসঙ্গে মিলেমিশে উদযাপিত হয়েছে।