চলতি মাসে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৭ হাজার টন ডিজেল দেশে আসছে। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে গত সোমবার রাতে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টার মধ্যে এই চালান বাংলাদেশে পৌঁছাবে।
এর আগে ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। ফলে চলতি মাসে এ পর্যন্ত মোট ১৩ হাজার টন ডিজেল আমদানি হয়েছে। এপ্রিল মাসে চারটি চালানে মোট ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে।
এ বছরের মার্চ পর্যন্ত চারটি চালানে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার টন ডিজেল এসেছে। চলতি বছরে এখন পর্যন্ত আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার টন।
আমদানিকৃত এই ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পার্বতীপুর ডিপোতে সরাসরি পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনা হচ্ছে।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের আওতায় ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয় ২০১৮ সালের সেপ্টেম্বরে। ২০২৩ সালের মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি শুরু হয়।
দুই দেশের চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত থেকে বছরে ২ থেকে ৩ লাখ টন ডিজেল আমদানি করা যাবে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এ পরিমাণ আরও বাড়ানো হতে পারে।
এর আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেলপথে উত্তরাঞ্চলে তেল পৌঁছাতে ৬ থেকে ৭ দিন সময় লাগত। পাইপলাইন চালুর ফলে সরবরাহ প্রক্রিয়া এখন অনেক দ্রুত ও সহজ হয়েছে।





