ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আদর্শবান ও সৎ নেতৃত্ব ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়। তিনি বলেন, গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি। ইসলামী নীতির আলোকে রাষ্ট্র পরিচালনা করা হলে সেখানে দুর্নীতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসা কিংবা অবৈধ ভূমি দখলের কোনো জায়গা থাকবে না।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, ন্যায়নীতি ও আদর্শনিষ্ঠ নেতৃত্ব ছাড়া দেশের মানুষের শান্তি নিশ্চিত করা যায় না। অতীতের শাসকরা যদি সৎ ও যোগ্য হতেন, তবে দেশ অনেক আগেই সমৃদ্ধির শিখরে পৌঁছাত।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ১১ দল থেকে বেরিয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী জানিয়েছে তারা শরিয়াহ অনুযায়ী নয়, প্রচলিত ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায়। এ বিষয়টি নিয়ে আলোচনার সময় দুই পক্ষের চিন্তা-ভাবনায় ভিন্নতা স্পষ্ট হয়ে ওঠে। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নিজস্ব পথেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি হাতপাখা প্রতীকের পক্ষে, ইসলামের পক্ষে ও জনকল্যাণের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।
এ সময় তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় গাজী আতাউর রহমানের সভাপতিত্বে এবং কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা, ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সহযোগী সংগঠনের নেতারা।





