রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে ওঠায় সতীর্থ ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়রকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন নেইমার। স্প্যানিশ গণমাধ্যম বলছে, নতুন চুক্তির আলোচনায় অগ্রগতি থাকলেও আর্থিক কাঠামো ও বোনাস নিয়ে মতভেদ বাড়ায় পরিস্থিতি আটকে আছে। ২৫ বছর বয়সী ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তি চলবে ২০২৭ পর্যন্ত। তবুও গুঞ্জন তীব্র যে নতুন চুক্তি করতে চাইলে দুই পক্ষের দাবি–শর্ত এখনও মিলছে না। ফলে মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়তে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন সময় নেইমার নাকি ব্যক্তিগতভাবে ভিনিসিয়ুসকে পরামর্শ দিয়েছেন। স্প্যানিশ পত্রিকা ওকে দিয়ারিওর বরাত দিয়ে জানানো হয়েছে, নেইমার তাকে বলেছেন যেন ভুল সিদ্ধান্ত না নেন এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক জোরদার করেন। ‘ভুল’ বলতে নেইমার বোঝাচ্ছেন ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে তার যোগদান, যা নিয়ে পরে তিনি অনুশোচনা প্রকাশ করেছিলেন। নেইমারের মতে, ভিনিসিয়ুসের জন্য রিয়াল মাদ্রিদই সবচেয়ে ভালো জায়গা। সেখানে থাকলে তার ক্যারিয়ার আরও শক্ত ভিত্তি পাবে। তবে চুক্তি নবায়নের অগ্রগতি না থাকায় সমর্থকদের উদ্বেগ এখনো কাটেনি।
সংবাদ লোড হচ্ছে...





