গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অধ্যাপক শাহ আলম। তিনি পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, বরিশাল অঞ্চল টিমের সদস্য এবং গলাচিপা সরকারি কলেজের সাবেক ইংরেজি বিভাগের প্রধান।


বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হোসেনের উপস্থিতিতে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাকির হোসাইন, সেক্রেটারি মোহাম্মদ সানাউল্লাহ শামীম, গলাচিপা পৌর আমির মাওলানা বেল্লাল বিন সুলতান, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা আমির মাওলানা ইয়াহিয়া খান, গলাচিপা উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবুল হোসেন, ব্যবসায়ী পরিষদের সভাপতি হাফেজ ফজলুর রহমান, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি হাফেজ ফেরদৌস, গলাচিপা উপজেলা শিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান, যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, দশমিনা উপজেলা আমির মাওলানা লুতফুর রহমান, দশমিনা উপজেলা শিবির সভাপতি জুবায়ের হোসেনসহ কয়েকশ নেতাকর্মী।


মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক শাহ আলম। তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে জামায়াতে ইসলামী সকল নির্বাচনী আইন ও বিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবে। নির্বাচনী পরিবেশ সৌহার্দ্যপূর্ণ রাখাই তাদের লক্ষ্য। তিনি আরও বলেন, এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নির্বাচিত হলে এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার ঘরে বসেই পাবে, কারও দ্বারে দ্বারে ঘুরতে হবে না। হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।