ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) প্রতি তাঁর সম্মান বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শিক্ষকরা একটি জাতির মেরুদণ্ড তৈরি করেন। তাই সবসময় তিনি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। তবে আন্দোলন বা প্রতিবাদের সময় অনেক সময় পরিস্থিতির কারণে কথাবার্তা উত্তপ্ত হতে পারে।
গত ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে অংশ নেন ছাত্রদল নেতারা। সেখানে অনিয়মের অভিযোগ তুলতে গিয়ে উত্তেজিত হয়ে ভিসির সামনে টেবিল চাপড়ান গণেশ চন্দ্র সাহস। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সমালোচনা হলেও তিনি বলেন, ঘটনাটি ছিল বিশেষ পরিস্থিতির ফল।
গণেশ চন্দ্র বলেন, “ভিসির সঙ্গে আমাদের কথোপকথন উত্তপ্ত ছিল। তবে তখনকার পরিবেশ তৈরি হওয়ার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও রয়েছে। তারপরও ভিসি মহোদয়ের প্রতি আমার সম্মান বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।”
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ছাত্রদলের আস্থা থাকলেও পরবর্তী সময়ে নানা অনিয়মের অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। ডাকসু নির্বাচনের দিনও অনিয়মের বিষয়ে অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে ভবিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করে গণেশ চন্দ্র বলেন, “আমি বিশ্বাস করি, ভিসি মহোদয় অতীতের ব্যর্থতা কাটিয়ে গবেষণাভিত্তিক একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ভূমিকা রাখবেন। আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, প্রতিবাদের ভাষা সময় ও পরিস্থিতিভেদে ভিন্ন হয়। ভিসির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে নিয়েছেন এবং দেশের সব নীতিবান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।





