আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের চলাচলের জন্য যানবাহন ব্যবহারে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট একটি করে ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে পারবেন। এর মধ্যে জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা অন্তর্ভুক্ত। প্রতিটি গাড়িতে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তায় নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই সংখ্যার মধ্যে গণনা করা হবে।


যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে বৈধ লাইসেন্সধারী চালকসহ অনধিক দুইজন অবস্থান করতে পারবেন।


নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।


নির্দেশনায় আরও বলা হয়, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও গানম্যান ছাড়া যানবাহনে অবস্থানকারী অন্য ব্যক্তিদের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে প্রদর্শন করতে হবে।


এ ছাড়া প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ছাড়া তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের নির্ধারিত সীমার মধ্যে প্রবেশ করতে পারবে না বলেও নির্দেশনায় উল্লেখ করেছে নির্বাচন কমিশন।