ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পালিয়ে যাওয়া একটি দলের মতো দেশের ভেতরেও একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ভোট ডাকাতির অপচেষ্টায় লিপ্ত, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


\r\n

বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

\r\n

তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে দেশে একের পর এক ব্যালট ছিনতাই, ডামি নির্বাচন ও নিশিরাতের ভোট হয়েছে। এ সময়ে মানুষের রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক অধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে গত ১৬ বছরে অনেক মানুষকে হারাতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


\r\n

তিনি অভিযোগ করেন, এই দীর্ঘ সময়ে দেশকে অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ- সবার আগে বাংলাদেশ।’

\r\n

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, যারা দেশ থেকে পালিয়ে গেছে এবং যারা মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো অসংখ্য মানুষকে হত্যা করেছে।