সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা জানাতে খুলনায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আগামী মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা হবেন আমিরে জামায়াত।

তিনি জানান, “আজই (রোববার) আমিরে জামায়াত খুলনা সফরে যেতে চেয়েছিলেন। কিন্তু জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকদের পরামর্শে তিনি আপাতত সফর স্থগিত করেছেন। মঙ্গলবার তিনি খুলনায় যাবেন। সফরসূচি পরে জানানো হবে।”

পরওয়ার আরও বলেন, খুলনার দাকোপে নিহত মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাবেন। এরপর কবর জিয়ারত করে ঢাকার উদ্দেশে ফিরে আসবেন।

উল্লেখ্য, শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় নিহত হন মাওলানা আবু সাঈদ। দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে রয়েল পরিবহনের একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।