আজ রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, সমাজ ও রাষ্ট্রে চিন্তা–চেতনা ও আচারের বৈচিত্র্য বাধাগ্রস্ত হলে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দেবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হবে। তিনি বলেন, যারা জুলুমের জবাবে ইনসাফ ও সহিংসতার জবাবে দরদের পথ না বেছে নিয়ে বরং আরও নতুন ধরনের জুলুম ও সহিংসতা ছড়িয়ে দিচ্ছেন, ফ্যাসিবাদের পুনরুত্থানের জন্য তাদেরই দায়ী থাকতে হবে। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সব ভিন্নমতাবলম্বীর ওপর নির্যাতন বন্ধের আহ্বানও জানান তিনি।


যদিও তাঁর পোস্টে নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ ছিল না, তবে আজ সকালে মানিকগঞ্জে ‘ধর্ম অবমাননা’ মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের অনুসারীদের ওপর হামলার ঘটনা ঘটে, যার প্রেক্ষাপটেই তাঁর মন্তব্য এসেছে বলে মনে করা হয়।