মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মিসর। মঙ্গলবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনায় আবদেলাত্তি আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন এবং মিসরের পক্ষ থেকে সহায়তার আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে আব্বাস আরাগচি ইরানের সাম্প্রতিক পদক্ষেপকে আত্মরক্ষামূলক হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং বিদেশি হস্তক্ষেপ ছাড়া স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথ আঞ্চলিক সহযোগিতার পক্ষে অবস্থান নিয়েছে।

এদিকে বাগদাদের মার্কিন দূতাবাস সংলগ্ন লজিস্টিক সহায়তা ক্যাম্পে ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় হতাহতের পরিমাণ বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক কয়েক দিনে ওই এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের হামলায় চারজন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন। রবিবার রাতে রামাদা হোটেলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ইরানের রাষ্ট্রদূত জানান, হামলায় চারজন কূটনীতিক শহীদ হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, লক্ষ্যবস্তু ছিল আইআরজিসি কুদস ফোর্সের শীর্ষ কমান্ডাররা।

লেবাননের কর্তৃপক্ষ জানায়, হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। চলমান সংঘাতে দেশটিতে মৃতের সংখ্যা ৫৭০, আহত ১ হাজার ৪৪৪ এবং বাস্তুচ্যুত ৭ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।