বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আপিল দাখিল করতে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান।

এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

আপিল দাখিল শেষে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ঢাকা-৯ আসনে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু সেটি গ্রহণ করা হয়নি। তাই আমরা আপিল করেছি এবং আইনি লড়াই চালিয়ে যাব।

তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দিয়েছেন। অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ পরিচালনা করেছেন। এই সমর্থন ও মানুষের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। যারা এত অল্প সময়ে সই করেছেন, তারা চান আমি যেন নির্বাচনে অংশ নিতে পারি। সেই কারণেই আপিল করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ শুরু হয়েছে সোমবার। এ উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আপিল করতে পারবেন।