মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেছেন, আধিপত্যবাদী শক্তির সহায়তায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাই আন্দোলনের যোদ্ধাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করছে। তাদের দাবি, এরই অংশ হিসেবে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলার অর্থ হলো প্রতিটি জুলাইযোদ্ধার ওপর হামলা। তবে দেশের বিপ্লবী ছাত্রজনতা কখনো পরাজিত শক্তির কাছে মাথা নত করবে না। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আধিপত্যবাদী শক্তি ও তাদের দোসরদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ গঠনের মধ্য দিয়েই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে বলেও মন্তব্য করেন তারা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা. আবদুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।

আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি মনজু রহমান, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য কবি সোহেল মাহবুব, দৈনিক মানবজমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ভারত মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করলেও তা ছিল নিজেদের স্বার্থে। তাদের অভিযোগ, বন্ধুর পরিচয়ে বাংলাদেশকে শোষণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতিবেশী দেশটির মধ্যে অস্বস্তি ও প্রতিক্রিয়া বেড়েছে বলেও মন্তব্য করেন তারা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, মাল্টিমিডিয়া ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।