ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মহাষ্টমীর পূণ্যস্নানে গিয়ে তিতাস নদীতে তলিয়ে যাওয়া শিশু অপর্ণা সূত্রধরের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে তার মরদেহ পূণ্যস্নানের সেই স্থানেই ভেসে উঠে।
এর আগে বৃহস্পতিবার শহরের গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে পূণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ হয় অপর্ণা। সে শহরের কলেজ পাড়া এলাকার অমৃত সূত্রধরের মেয়ে এবং খ্রিস্টীয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, মহাষ্টমী উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে গোকর্ণঘাটে পূণ্যস্নানে যায় অপর্ণা। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই সে পানির নিচে তলিয়ে যায়। তার মা নমিতা সূত্রধর তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।
ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পরও শিশুটির মরদেহ উদ্ধার করতে পারেনি তারা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





