ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম-এর আদালতে এ আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছে এবং পরবর্তী আদেশ পরে দেওয়া হবে।

মামলার আবেদনে আরও যাদের আসামি করার কথা বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিভিন্ন প্রশাসনিক ও সামরিক কর্মকর্তাসহ রাজউক–এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনাটি ঘটে গত বছরের ২১ জুলাই, যখন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় মোট ৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী।

দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি গত ৫ নভেম্বর প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে আঘাত হানে এবং দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়-দায়িত্ব নির্ধারণ ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।