মাগুরা প্রতিনিধি: মাগুরার ঢাকা–মাগুরা মহাসড়কের কেষ্টপুর এলাকায় ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর পড়ে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নাকোল সাহাপাড়া গ্রামের ভজন দত্তের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।


এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মাহফুজ নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু সাঈদ জানান, রাত সাড়ে ৯টার দিকে দুইজন গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করা হয়। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।