মাগুরা প্রতিনিধি: দেশে হাম রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ায় জনসচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ উপলক্ষে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি স্পিকারের কাছে প্রস্তাব করেন, দেশের সব সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে হাম প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া উচিত। তার এই বক্তব্য দেশব্যাপী প্রশংসিত হয়।

হাসপাতাল পরিদর্শন শেষে মনোয়ার হোসেন খান সাংবাদিকদের জানান, দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হলেও মাগুরায় এখনো তা সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি বলেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন রোগী ভর্তি আছেন, যাদের মধ্যে ৮ জন শিশু ও ৩ জন প্রাপ্তবয়স্ক।

তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাম আক্রান্ত রোগীদের ঘরে না রেখে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নেওয়া উচিত এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলা জরুরি।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মহসিন আলী ফকির, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরসহ চিকিৎসক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিরও উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান। শনিবার (৪ এপ্রিল) সকালে মাগুরা সিভিল সার্জন অফিসের সামনে থেকে এই কর্মসূচির সূচনা করা হয়। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং সচেতনতার বিকল্প নাই।