খেলা শুরুর আগ মুহূর্তে হঠাৎ মাঠে পড়ে যান ঢাকা ক্যাপিটালসের সহকারি কোচ মাহবুব আলী জাকি। পরে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হঠাৎই মাঠে পড়ে যান। মাঠে তাকে সিপিআর দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ম্যাচ শুরুর আগে ঢাকা ক্যাপিটালসকে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন জাকি। হঠাৎ পড়ে যাওয়ার পর কিছুক্ষণ মধ্যে মাঠে থাকা রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ফিজিওরা তার ওপর সিপিআর প্রয়োগ করেন। মিনিট পাঁচেক চেষ্টা চালানোর পর তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো যায়নি।
বিষয়টি নিশ্চিত করে দেবাশিস চৌধুরী বলেন, “হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে উনি মারা গেছেন।” এখনও তার লাশ কোথায় নেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। ডেথ সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় রয়েছে বিসিবি। পরিবার সদস্যরা এখনও সিলেটে পৌঁছায়নি।





