কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিক আঁখিনুর আক্তারের ওপর হামলা চালিয়েছে একদল মাদক ব্যবসায়ী। হামলার ঘটনায় দায়ের করা মামলার পরপরই র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন চন্দ্র দাসকে গ্রেফতার করেছে।
রোববার (২৪ আগস্ট) রাতে দেবিদ্বার উপজেলার রাজামেহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সাংবাদিক আঁখিনুর আক্তার দৈনিক যুগান্তরের ঢাকা সিটি প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি ঢাকায় থাকেন, তবে তার মা রফেজা বেগম রাজামেহার গ্রামের বাড়িতে একা বসবাস করেন। একই এলাকার মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস ও তার স্ত্রী ভাগ্য রানী দাস দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত।
সুমন সাংবাদিকের মায়ের ঘরে মাদক রাখার জন্য চাপ প্রয়োগ করেন। এতে রাজি না হওয়ায় প্রথমে তাকে গালমন্দ ও ভয়ভীতি দেখান। পরে গত শনিবার বিকেলে আঁখিনুর ও তার বড় বোন বাড়িতে গেলে সুমন তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায় ও মারধর করে।
রোববার বিকেলে সাংবাদিক আঁখিনুর দেবিদ্বার থানায় সুমন চন্দ্র দাস, তার স্ত্রী ভাগ্য রানী দাস, বড় ভাই উত্তম চন্দ্র দাস ও ভাবি রিতা রানী দাসের বিরুদ্ধে মামলা করেন (মামলা নম্বর: ২৫)।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের বিরুদ্ধে প্রতিবাদের জেরে নারী সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সুমনকে রাতেই গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।







