মাদক ও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পবা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সীমান্ত নিরাপত্তা, মাদক প্রতিরোধ, অবৈধ পুকুর খনন বন্ধ, মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।
সভায় এমপি মিলন বলেন, সমাজের বড় সমস্যা মাদক। মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় তিনি পবা উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় বিজিবি, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





