বলিউডের চিরচেনা নৃত্যশিল্পী ও জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবার তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন কানাডায় আয়োজিত এক স্টেজ শো ঘিরে। শোয়ের প্রথম দিনেই তিন ঘণ্টা দেরি করে মঞ্চে ওঠায় ক্ষুব্ধ দর্শকদের অভিযোগ ও সমালোচনায় সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ কেউ এমনকি অভিনেত্রীর শো বয়কটের দাবিও তুলেছেন।
যে অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে সাধারণত কেউ প্রশ্ন তোলেন না, সেই মাধুরীর আচরণেই হতাশ দর্শক ও অনুরাগীরা। নেটিজেনদের অনেকেই অভিযোগ তুলেছেন, দীর্ঘ অপেক্ষার পরও তারা প্রত্যাশিত পারফরম্যান্স পাননি।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শোস্থলে উপস্থিত দর্শকদের চরম ক্ষোভে ফুঁসতে। কেউ বলছেন, “তিন ঘণ্টা অপেক্ষা করার পরও এমন খারাপ আয়োজন কল্পনাতীত।”
আরেকজনের মন্তব্য“ভীষণই বিশৃঙ্খল আয়োজন। টিকিটের দাম পুরোপুরি সময় ও অর্থের অপচয়।”
কনসার্টে মাধুরীর সংক্ষিপ্ত নাচ ও গল্প বলাকে নিয়েও কটাক্ষ করছেন অনেকে। তাদের অভিযোগ, “বিজ্ঞাপনে কোথাও বলা হয়নি যে প্রতিটি গানে দুই সেকেন্ড নাচবেন আর বাকি সময় গল্প করবেন!”
শুধু মাধুরী নয়, কাঠগড়ায় উঠেছেন শোয়ের আয়োজকরাও। দুর্বল ব্যবস্থাপনা, বিশৃঙ্খল সিটিং ও সময় ব্যবধান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। টিকিটের টাকা ফেরতের দাবি তুলেছেন অসন্তুষ্ট দর্শকরা।
তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া দেননি মাধুরী দীক্ষিত বা আয়োজক কর্তৃপক্ষ।





