সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ইন্তেকাল করেন। আজ বুধবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজাকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন।


\r\n

এই মানিক মিয়া অ্যাভিনিউতেই আজ ভেসে আসছে খালেদা জিয়ার একটি পুরনো ভাষণ। সেখানে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছিলেন, শেখ হাসিনার উচিত লেন্দুপ দর্জির করুণ ইতিহাস পড়া। ভাষণে তিনি উল্লেখ করেন, বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের কান্না, শাপলা চত্বরে নিহত আলেমদের পরিবারের কান্না, নিহতদের সন্তানদের কান্না শেখ হাসিনার কানে পৌঁছায় না। তিনি বলেন, বাংলাদেশের ওপর কারও প্রভুত্ব মেনে নেওয়া হবে না।


\r\n

২০১৩ সালের ২৯ ডিসেম্বর, গুলশানে নিজের বাসভবন ‘ফিরোজা’র সামনে দাঁড়িয়ে দেওয়া সেই ভাষণই আজ বারবার বাজানো হচ্ছে। সেদিন বালুর ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করা হয়েছিল।

\r\n

ওই ভাষণে খালেদা জিয়া শেখ হাসিনার উদ্দেশে আরও বলেন,
“গোলামী করবেন? দালালি করবেন? এই গোলামী তো টিকবে না। লেন্দুপ দর্জির ইতিহাসটা পড়ে দেখেন। সেও কিন্তু বেশি দিন টেকে নাই। তাকেও বিদায় দিয়েছে। দালালি করে, দেশ বিক্রি করে। কাজেই এই দেশ বিক্রি চলবে না হাসিনার। আর হাসিনার দালালি করে লাভ হবে না। বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন, জনগণের সঙ্গে থাকেন, দেশের মানুষের সঙ্গে থাকেন। তবেই কাজে দেবে। দেশ বাঁচবে, মানুষ বাঁচবে।”

\r\n

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন অবস্থান তুলে ধরে তিনি আরও বলেছিলেন,
“আজকে সবার দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছেন। মনে করছেন এসবের কোনো হিসাব নেই। এই মা-বোনদের কান্না, এই আলেম-এতিমের কান্না, এই বিডিআরের অফিসারদের স্ত্রীদের কান্না—এগুলো কি বৃথা যাবে? এগুলো কোনো দিনও বৃথা যাবে না।”