মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “Artificial Intelligence in Medical Robotics: Bangladesh Perspectives” শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিভাগের সেমিনার হলে এ আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। গেস্ট অব অনার হিসেবে অংশ নেন দক্ষিণ কোরিয়ার কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও খ্যাতনামা রোবোটিক্স গবেষক প্রফেসর ড. হ্যাং মুক চো।
সেমিনারের কী-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার শামীম আহমেদ দেওয়ান। ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এমএআরএস (MARS) গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খোন্দকার নজমুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক চিকিৎসাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মেডিকেল রোবোটিকসের সঙ্গে এআই যুক্ত হওয়ায় রোগ নির্ণয়, চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনা আরও নির্ভুল, দ্রুত ও কার্যকর হয়েছে। তিনি বলেন, এআই-নির্ভর রোবোটিক সার্জারি চিকিৎসকদের হাতের কাঁপুনি কমিয়ে জটিল অস্ত্রোপচার কম ঝুঁকিতে সম্পন্ন করতে সহায়তা করছে।
তিনি আরও উল্লেখ করেন, মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা রোবট বিপুল পরিমাণ স্বাস্থ্যসংক্রান্ত তথ্য—যেমন স্ক্যান রিপোর্ট, ল্যাব টেস্ট ও রোগীর চিকিৎসা ইতিহাস—বিশ্লেষণ করে এমন রোগও শনাক্ত করতে পারে, যা অনেক সময় মানুষের চোখ এড়িয়ে যায়। এর ফলে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ আগেভাগেই শনাক্ত করে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
সভাপতির বক্তব্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ বলেন, এ ধরনের আধুনিক ও গবেষণাধর্মী আয়োজন মাভাবিপ্রবির শিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নেবে। তিনি বলেন, মেডিকেল রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা দেশের স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সেমিনারের অংশ হিসেবে ৬০০-এর বেশি বই সমৃদ্ধ বিভাগের নতুন সেমিনার লাইব্রেরির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। একই অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে প্রতিষ্ঠিত সেন্টার ফর অ্যাডভান্সড অটোমোটিভ রিসার্চ (CAAR) এবং বিভাগের সেমিনার গ্রন্থাগার উদ্বোধন করেন প্রফেসর ড. হ্যাং মুক চো।
অনুষ্ঠান শেষে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বই উপহার বিতরণ করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ। এর মধ্য দিয়ে সেমিনারটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।