ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমেছে। ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সাবেক সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা।


বিন্দ্রা ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩৬ বছর ধরে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন ভারতের কাছে আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার, যা যুক্তরাজ্যের বাইরে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। মোহালিতে পিসিএ স্টেডিয়াম নির্মাণ ও উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং পরে স্টেডিয়ামের নাম তার নামানুসারে রাখা হয়।


বিন্দ্রা ১৯৯৪ সালে সুপ্রিম কোর্টে টেলিভিশন সম্প্রচারের আধিপত্য ভাঙার জন্য পিটিশন দান করেন, যা ভারতের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক সম্প্রচারককে যুক্ত করার সুযোগ তৈরি করে।


বিন্দ্রার প্রয়াণে বিসিসিআই শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বোর্ড জানিয়েছে, “সাবেক বিসিসিআই সভাপতি শ্রী আই এস বিন্দ্রার প্রয়াণে বিসিসিআই গভীরভাবে শোকাহত। বোর্ডের সমবেদনা ও প্রার্থনা তার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রয়েছে।”


আইসিসি চেয়ারম্যান ও সাবেক বিসিসিআই সচিব জয় শাহও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “সাবেক বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক স্তম্ভ শ্রী আই এস বিন্দ্রার প্রয়াণে গভীর সমবেদনা। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ওম শান্তি।”