যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে এখন পর্যন্ত ১৯৩ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একটি আট মাসের কন্যাশিশু রয়েছে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে নিহত শিশুদের ছবিসংবলিত একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে এ তথ্য তুলে ধরেন মোহাজেরানি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজও বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

তিনি জানান, হামলায় চার মাস বয়সী আরেকটি শিশুও গুরুতর আহত হয়েছে।

স্বাস্থ্যখাতে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে মোহাজেরানি বলেন, এ পর্যন্ত হামলায় ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্যসেবার অবকাঠামো।

তার দেওয়া তথ্য অনুযায়ী হামলায়

৫২টি স্বাস্থ্যসেবা ইউনিট,

২৯টি চিকিৎসা কেন্দ্র,

১৯টি জরুরি সেবা ইউনিট এবং

১৬টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে চারটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি।

ইরান সরকারের দাবি, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘন।