মার্কিন স্থল অভিযান মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি। তিনি বলেছেন, মার্কিন সেনারা ইরানের ভূখণ্ডে প্রবেশ করলে তাদের প্রতিহত করা হবে এবং প্রয়োজন হলে বন্দি করা হবে।


বৃহস্পতিবার এক বিবৃতিতে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপের পরিণতি ভয়াবহ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির কর্মকর্তারা ইরানে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা নাকচ না করার পর তিনি এই মন্তব্য করেন।


তিনি আরও জানান, কয়েক হাজার সেনা নিয়ে ইরানে প্রবেশের পরিকল্পনা নিয়ে কিছু মার্কিন কর্মকর্তার বক্তব্য পাওয়া গেছে। তিনি সাবেক নেতা ইমাম খোমেনি ও সাম্প্রতিক সংঘাতে নিহত সর্বোচ্চ নেতা খামেনির প্রসঙ্গ টেনে বলেন, ইরানের জনগণ যেকোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরান কোনো মার্কিন হামলাকে ভয় পায় না এবং স্থল অভিযান মার্কিন সেনাদের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।


গত কয়েকদিনের সংঘাতে উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না এবং প্রতিরোধ অব্যাহত রাখবে।