বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের দেখানো পথ অনুসরণ করে দেশকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
রিজভী বলেন, এই যাত্রার মূল লক্ষ্য হলো সেই আদর্শকে ধারণ করা, যার জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘ ৪০-৪৫ বছর নিরন্তর সংগ্রাম করেছেন। তিনি দেশনেত্রীকে চার দশকের অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেন, যিনি জাতিকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে উদ্বুদ্ধ করেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে জনগণের পাশে থাকতে হয় এবং সংকট ও হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রিজভী আরও বলেন, ফ্যাসিস্টরা তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল। পায়ে হেঁটে কারাগারে প্রবেশের পরও তার ওপর ষড়যন্ত্র চলেছে। যে নেত্রী একসময় কারাগারে পায়ে হেঁটে গিয়েছিলেন, পরে হুইলচেয়ার ব্যবহার করে বের হন এবং দীর্ঘ সময় হাসপাতালে থাকতে বাধ্য হন—কেন তিনি তিলে তিলে মৃত্যুর পথে চলে গেলেন, তা আজও জাতির কাছে একটি বড় প্রশ্ন।
তিনি বলেন, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা থাকলেও তার অটুট মনোবল, ধৈর্য এবং সাহস ছিল প্রবল। তার জানাজায় মানুষের অভূতপূর্ব উপস্থিতি প্রমাণ করে আল্লাহ তাকে গৌরবান্বিত করেছেন। তিনি অনেক কুরুচিপূর্ণ ও নোংরা অভিযোগের মুখে সৌজন্য ও মানসিক দৃঢ়তার মাধ্যমে দেখিয়েছেন, যারা এমন কথা বলে তারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী মহিলা দলকে অত্যন্ত ভালোবাসতেন এবং বর্তমানের নেতৃত্বও তার হাতেই গড়ে উঠেছে। বিএনপি, মহিলা দল এবং সব অঙ্গসংগঠন তার দেখানো আদর্শ, নৈতিকতা ও অঙ্গীকারের পথে চলবে। তার পথ অনুসরণ করলেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





