ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগের দিনে ছাত্রদের সম্মান করা হতো, কিন্তু এখন শিক্ষিত সমাজও তাদের এড়িয়ে চলে। এটি লেজুড়বৃত্তিক রাজনীতির ফল, যা দেশের জন্য ভয়ানক ক্ষতিকর।
\r\nসোমবার (২১ এপ্রিল) রাত ৮টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে ‘আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমি’র শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
\r\nতিনি বলেন, “যে রাজনীতি মায়ের বুক খালি করে দেয়, সে রাজনীতি আমরা চাই না। রাজনীতি করতে হলে ক্যাম্পাসের বাইরে গিয়ে করুন। রাজনীতিতে সহমর্মিতা থাকতে হবে। দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তন চাই, তবে আমাদের সময় সীমিত।”
\r\nশিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “পৃথিবীর অন্যান্য দেশে ক্লাস চলাকালে ছাত্ররা নিঃশব্দে পাঠ গ্রহণ করে। অথচ আমাদের দেশে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়। শিক্ষাপ্রতিষ্ঠান শিষ্টাচার ও নৈতিকতা শেখায় না। দুর্ভাগ্যজনকভাবে শিক্ষা ব্যবস্থাও আজ রাজনীতির হাতে বন্দি।”
\r\nতিনি আরও বলেন, “ক্ষমতায় যেই আসুক, সে দেশের সম্পদ লুটে নেয়। দেশের টাকা বিদেশে পাচার করে সেখানে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও এমন দৃষ্টান্ত নেই।”
\r\nমাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নৈতিক শিক্ষা এখন কেবল মাদ্রাসা থেকেই পাওয়া যায়। মাদ্রাসার ছাত্ররা ইয়াবা সেবন করে না, বিশ্ববিদ্যালয়ে নেশা হয়। মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়ন আনা হয়েছে, ফলে এর শিক্ষার্থীরা অপরাধে কম জড়ায়।”
\r\nঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সাবেক সহকারী অধ্যাপক ও একাডেমির ট্রাস্টি প্রকৌশলী ড. আবুল খায়ের। সভাপতিত্ব করেন একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়া, এবং অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির প্রধান মাওলানা আলমগীর হোসেন।
\r\nবক্তব্য রাখেন—খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুনতাসীর আলী, লাউয়াই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, জামেয়া মোহাম্মদীয়ার বাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান মানিক প্রমুখ।
\r\nঅনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী এহসান বিন সিদ্দিক। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. খালিদ হোসেন। ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমিন দিলোয়ার।





