মা দিবসে সন্তানের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার এক মা। হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছে বিশ্ব মা দিবসেই।
রোববার (১০ মে) ঢাকায় সফলভাবে মা-ছেলের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা গেছে, জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার বাসিন্দা নাসিমা সুলতানা পেশায় একজন প্রধান শিক্ষক। কয়েক মাস আগে তার ছেলে নাসিম জাহান আকাশ গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকেরা জানান, তার দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে গেছে।
এরপর ছেলের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মা নাসিমা সুলতানা। চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় কিডনি প্রতিস্থাপন অপারেশন।
অপারেশনটি পরিচালনা করেন কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ও ইউরোলজিস্ট ডা. মো. কামরুল ইসলাম।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, একজন মা সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, এটি তারই বাস্তব উদাহরণ।
আকাশের বড় বোন বৃষ্টি আক্তার বলেন, মা দিবসে একজন মা তার সন্তানের জীবন বাঁচাতে নিজের শরীরের অংশ দান করেছেন। তিনি সবার কাছে মা ও ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন।
স্থানীয় শিক্ষক ও বাসিন্দারাও নাসিমা সুলতানার এই আত্মত্যাগের প্রশংসা করেছেন। তাদের মতে, একজন মা শুধু সন্তানকে জন্ম দেন না, প্রয়োজনে নিজের জীবন থেকেও অংশ দিয়ে তাকে বাঁচিয়ে রাখেন।
এদিকে উত্তর বাইকশা এলাকায় মা-ছেলের সুস্থতা কামনায় দোয়া করছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন অনেকে।
সমাজবিজ্ঞানীদের মতে, পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক হলো মা ও সন্তানের সম্পর্ক। শরীয়তপুরের এই ঘটনা সেই সত্যকেই আবারও সামনে নিয়ে এসেছে।





