রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দানে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো ময়দান এবং আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা-উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মীরা জমায়েত হচ্ছেন। নগরী ঘুরে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে আসা খণ্ড খণ্ড মিছিল ময়দানে প্রবেশ করছে। মিছিলে থাকা ব্যানার, ফেস্টুন ও স্লোগান ময়দানকে প্রাণবন্ত করে তুলেছে। সংসদ সদস্য প্রার্থীরা মঞ্চে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বেড়ে গেছে।

সমাবেশস্থলের আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। অনেক যুবক ও তরুণ প্রিয় নেতাদের এক নজর দেখার জন্য গাছ, দেয়াল ও অন্যান্য স্থাপনার ওপর উঠে দাঁড়িয়েছেন। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষ উপস্থিতিতে ময়দান পরিণত হয়েছে বিশাল জনসমুদ্রে।

আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে, এবং আকাশে ড্রোন উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজশাহী নগর পুলিশের উপকমিশনার মো. গাজিউর রহমান জানান, জনসভা ও তারেক রহমানের নিরাপত্তা দিতে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে পুলিশের গোয়েন্দারা সক্রিয়ভাবে কাজ করছেন এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালের ২৫ ফেব্রুয়ারি রাজশাহী জেলা স্টেডিয়ামে তৃণমূলের প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দুই দশক পর পদ্মাপাড়ের এই বিভাগীয় শহরে রাজনীতিতে নতুন প্রত্যাশা এবং নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।