রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি সম্পর্কিত অভিযোগ, পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার করার সুযোগ দেওয়ার।

শনিবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশীদ এ আদেশ দেন। আদালতের নির্দেশে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় অভিযুক্ত লিমন মিয়া প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে তাঁর ছেলে তাওসিফ রহমানকে (১৭) আঘাত করে হত্যা করে। একই ঘটনায় জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। পরে লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং  আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


আদালত উল্লেখ করেছে, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দিয়েছে। এটি সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন, যেমন আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০ মামলায় নির্দেশ দেয়া হয়েছিল।

 আদালত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন।