থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। এ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করছেন তিনি, আর এখন দেশজুড়ে তার জন্য উচ্ছ্বাস চলছে।

মিস ইউনিভার্স বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেইজে বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘পিপলস চয়েজ’ বিভাগে ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে মিথিলা তৃতীয় অবস্থানে ছিলেন। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে আসেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার তথ্য অনুযায়ী, মিথিলার পিপলস চয়েজে প্রথম স্থানে পৌঁছানোর জন্য আরও ৫০ হাজার ভোট প্রয়োজন।

ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। মিথিলা শুধুমাত্র ‘পিপলস চয়েজ’ নয়, আরও কয়েকটি বিভাগে ভালো অবস্থানে আছেন। ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’-এ প্রথম, ‘মিস কনজেনিয়ালিটি’ ও ‘বেস্ট ইভিনিং গাউন’-এ দ্বিতীয় এবং ‘বেস্ট স্কিন’-এ তৃতীয় অবস্থানে রয়েছেন।

বর্তমানে মিথিলা থাইল্যান্ডের পাতায়ায় অবস্থান করছেন। ফুকেটের ইভেন্ট শেষ করে পরবর্তী রাউন্ডের প্রস্তুতি নিচ্ছেন। সকালে নিজের ফেসবুক পেজে তিনি দ্বিতীয় স্থানে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন এবং দেশকে এগিয়ে নিতে ভোটের আহ্বান জানিয়েছেন।

মিথিলা বলেন, “মনে হচ্ছিল বিশ্বাসই করা যাচ্ছে না, যখন তৃতীয় হওয়ার খবর পাই। দেশের মানুষ যে এতটা সমর্থন দেবে, তা ভাবতেই আবেগে আপ্লুত হয়েছি। ভোট ও ভালোবাসা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

উল্লেখ্য, প্রতিযোগিতার চূড়ান্ত রায় শুধু ভোটের ওপর নির্ভর করে না; বিচারকের রায়ও গুরুত্বপূর্ণ। তবে মিথিলা সব ইভেন্টেই ভালো পারফরম্যান্স দিয়েছেন বলে মনে করছেন।