উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস–কে। চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।


বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন আছেন তিনি। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)-তে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।


বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, বুধবার (১১ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে মির্জা আব্বাস–কে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।


তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


এদিকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস–এর খোঁজখবর নেন শফিকুর রহমান। তিনি আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।


এছাড়াও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস–কে দেখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।