‎জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুরঃ পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাদের দুনীতির কারণে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর মেঘনার তীর রক্ষা বাঁধের কাজ ঠিক মতো হয়নি। এর ফলে এ অঞ্চলের মানুষ বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎ 
‎শনিবার (১৪ মার্চ) দুপুরে রামগতির উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের অবস্থিত মেঘনা নদীর তীর রক্ষা পরিশর্দনে গিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব বলেন।
‎পানিসম্পদ মন্ত্রী বলেন, ভাঙন রোধে যেসব বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে সেগুলোর কিছু অংশের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখনও বাকি অংশের কাজ রয়েছে। দ্রুত কাজ শেষ করা দরকার। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দফতরের আন্তরিকতার প্রয়োজন।
‎শহীদ উদ্দিন চৌধুরী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছে। প্রতি বছর বর্ষায় বন্যার স্রোত দেখা দেয়। বিশেষ করে লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরী হাট থেকে শুরু করে কমলনগর, রামগতির বয়েরাচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার নদী রয়েছে। বিভিন্ন পয়েন্টে তীর রক্ষা বাঁধ না থাকার কারণে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। হারিয়েছে জায়গা-জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি উৎপাদন।
‎ 
‎এ্যানি বলেন, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের দাবি সমন্বয় করার জন্য কাজ করছি।
‎পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম, রামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহাদাৎ হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান ও সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ প্রমুখ।