প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। ‘বেস্ট অব থ্রি সিরিজ’-এর নির্ধারণী ম্যাচে নাশভিলকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। জোড়া গোল করেছেন লিওনেল মেসি, আরেকটিতে করেছেন সহায়তা।

\r\n

এর আগে সিরিজের প্রথম ম্যাচে জয় পায় মায়ামি, কিন্তু দ্বিতীয়টিতে জেতে নাশভিল। ফলে আজকের তৃতীয় ম্যাচটি ছিল দুই দলের জন্যই টিকে থাকার লড়াই। সেই লড়াইয়ে জয় পেয়ে কনফারেন্স সেমিফাইনালে এখন এফসি সিনসিনাটির মুখোমুখি হবে মায়ামি।

\r\n

চেজ স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। নাশভিলের ম্যাথিউ কোরকোরানের ভুল পাস কুড়িয়ে নিয়ে মেসি চার ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ শটে জালে পাঠান বল।

\r\n

৩৯তম মিনিটে জর্দি আলবার লম্বা পাস থেকে তৈরি হয় দ্বিতীয় গোলের সুযোগ। মাতেও সিলভেত্তির ব্যাকপাসে বক্সের বাইরে দাঁড়িয়ে ছিলেন মেসি, সহজেই বল পাঠান জালে। এটি ছিল তার ক্যারিয়ারের ৮৯৪তম গোল।

\r\n

দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেন তাদেও আলেন্দে। ৭৩ মিনিটে আলবার ক্রসে প্রথমটি করেন, আর দুই মিনিট পর মেসির নিখুঁত চিপ পাস নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় গোলটি জালে জড়ান। এটি মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট, পেশাদার ফুটবলে যা প্রথম কোনো খেলোয়াড়ের।

\r\n

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলীয় সাফল্য নিয়েই এখন খুশি মেসি। গত বছর সাপোর্টার্স শিল্ড জিতেও প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল মায়ামি। এবার সেই বাধা পেরিয়ে তারা অপেক্ষা করছে কনফারেন্স ফাইনালের টিকিটের জন্য। ম্যাচটি হওয়ার কথা ২২ বা ২৩ নভেম্বর।