ভয়াবহ এক ঘটনা ঘটেছে পাকিস্তান ক্রিকেটে। বল করতে না দেওয়ায় ক্ষোভে মাঠেই অধিনায়ককে গুলি করে হত্যা করেছে এক বোলার। ম্যাচ চলাকালীন এই ঘটনায় নিহত হয়েছেন আরও একজন।

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের গুজরাটে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। তবে এটি স্বীকৃত কোনো ম্যাচ ছিল না, সেখানকার স্থানীয় এক প্রীতি ক্রিকেট ম্যাচেই দেখা মেলে এই নির্মম দৃশ্যের।

গুজরাট পুলিশ জানিয়েছে, সপ্তাহখানেক আগে স্থানীয় একটি মাঠে চলছিল প্রীতি ক্রিকেট ম্যাচ। সেখানে এক খেলোয়াড় ওভার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ম্যাচ চলাকালীনই গুলি চালান দলের অধিনায়ক ফখর ইকবালের উপর।

তাকে বাঁচাতে এগিয়ে আসেন অধিনায়কের ভাই ও চাচা। তবে তাদেরও ছাড়েননি ক্ষিপ্ত ওই বোলার। গুলি চালান তাদের লক্ষ্য করেও।

গুলি লাগার পর ঘটনাস্থলেই মারা যান অধিনায়ক ফখর ইকবাল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তার ভাই ও চাচাকে। তবে এক সপ্তাহ পর, আজ (সোমবার) হাসপাতালে মারা যান ইকবালের ভাইও।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।