ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেদেনা খাতুন নামে এক নারী মারা গেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার পর ডেঙ্গু উপসর্গ নিয়ে বেদেনা খাতুনকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে অবস্থার অবনতি হলে তিনি রাতে মারা যান।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ৭৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৪৯ জন পুরুষ, ১৮ জন নারী এবং সাত শিশুর চিকিৎসা চলছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে দুই হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।





