ভোটকেন্দ্রে বোরকা ও দাড়ি দেখে সন্দেহ হলেই ধরার নির্দেশনার অভিযোগে কুমিল্লা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীনের একটি বক্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এক মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিওটি শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যের বলে জানা গেছে। সেখানে জসীম উদ্দীনকে বলতে শোনা যায়, ভোটের শুরু ও শেষের সময় ব্যালট বাক্স পরীক্ষা করতে এবং বোরকা বা দাড়ি দেখে সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ধরে ফেলতে।
ভিডিওতে তিনি আরও বলেন, “আবারও নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। কেউ দুই নম্বরি করার চেষ্টা করবেন না। ১২ তারিখে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ১৪২টি কেন্দ্রে বিএনপির এক লাখ কর্মী থাকবে।” একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণের জনপ্রিয়তা নিয়েই এমপি হতে চান।
বক্তব্যের আরেক অংশে জসীম উদ্দীন দল-মত নির্বিশেষে ভোট চেয়ে বলেন, নিজের, মায়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জসীম উদ্দীন। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন এবং এবি পার্টির প্রার্থী হিসেবে ব্যারিস্টার জুবায়ের আহমেদ নির্বাচন করছেন।
ভাইরাল বক্তব্যটি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠলেও এ বিষয়ে জসীম উদ্দীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।





